২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সংঘাত, গাড়িতে আগুন

ঘন কুয়াশার মধ্যে অবরোধ কর্মসূচির শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ১৮ দলীয় জোটের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 02:17 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার মধ্যে অবরোধ কর্মসূচির শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ১৮ দলীয় জোটের কর্মীরা। রোববার কর্মসূচির শুরু থেকেই রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও যান চলাচলে বিঘ্ন ঘটাতে অবরোধকারীদের তৎপর দেখা যায়। ঢাকার পান্থপথ এবং সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পুলিশের সার্কেল এসপির গাড়ি অবরোধকারীদের হামলার শিকার হয়। নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি শুরু করে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোর পাঁচটার দিকে মিরপুর ১ মোড়ের কাছে গার্মেন্ট কর্মীদের নিতে আসা একটি বাসে আগুন দেয়া হয়। সাড়ে ৬টার দিকে মিরপুর-২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে পুড়িয়ে দেয়া হয় আরেকটি বাস। ফায়ার সাভির্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদউজ্জান জানান, অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোর ৬টার পরপর রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের কাছে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পিকেটাররা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে অবরোধকারীরা বিভিন্ন গলিতে চলে যায়। প্রায় একই সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুরান ঢাকার জজ কোর্ট এলাকাতেও। পৌনে ৭টার দিকে শাহবাগ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই শিশুপার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এ সময় ১০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম। সকাল ৭টার পরপরই জুরাইনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অবরোধকারীরা। তারা সময় টেলিভিশনের একটি গাড়ির কাচও এ সময় ভাংচুর করে। পৌনে ৮টার দিকে পোস্তাগোলা সেতু সংলগ্ন সড়কে একটি বাস এবং একই সময়ে গুলিস্থানে আরেকটি বাসে আগুন দেয়া হয়। অবরোধকারীরা ভোর থেকেই গাবতলি, উত্তরা, যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। কয়েক স্থানে হাতবোমা বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। তবে এর মধ্যেও বিপুল সংখ্যক লোককে বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে সাভার ও সিরাজগঞ্জ থেকেও। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। ১০টি ভ্রাম্যমাণ আদালত রাজপথে কাজ করছে। মনিরুল বলেন, “জনগণ ও তাদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর। কেউ নিরাপত্তা বিঘ্ন করে আইন নিজের হাতে তুলে নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব আমরা।” অন্যদিকে এই অবরোধ কর্মসূচিতে বাধা দেয়া হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৮২৪ ঘ.