২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্রসহ ‘বনদস্যু’ গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা থেকে বনদস্যু সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা থেকে বনদস্যু সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প সংলগ্ন ছোট তালবাড়িয়া খালের মুখ থেকে গ্রেপ্তার হন সামছু শেখ (৪৫)। তিনি বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের অর্জুনবহর গ্রামের আকুব আলী শেখের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি একনলা বন্দুক ও ২০টি তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি সুন্দরবনের বনদস্যু ‘জুলহাশ’ বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব-৬ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলহাশ বাহিনীর একদল সদস্য সুন্দরবন থেকে লোকালয়ে আসছে সংবাদ পেয়ে র‌্যাব তালবাড়িয়া খালের মুখে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টার দিকে সামছুসহ ছয়-সাত জনের একদল দস্যু একটি ট্রলারে খালের পাড়ে এলে সামছু শেখকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তবে অন্যরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। র‌্যাব কর্মকর্তা বলেন, সামছুকে শরণখোলা থানায় হস্তান্তর করে ছয় জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার সামছুকে আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৭ ঘ.