২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার এলাকায় দু’টি, মগবাজার এলাকায় দু’টি ও ফকিরাপুলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ফকিরাপুলে বিস্ফোরণে বিপুল (২৪) নামে এক যুবক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পৌনে ৮টার দিকে মহাখালী তিতুমীর কলেজের সামনের রাস্তায় দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর আগে দুপুরে বিজয় নগরে একটি প্রাইভেটকারে আগুন ও দু’টি গাড়ি ভাংচুর করা হয় বলে পুলিশ জানায়। সন্ধ্যায় মগবাজার এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয় নগরে গলির মুখ থেকে কিছু যুবক বেরিয়ে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভাংচুর এবং একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনার পর থেকে পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি জানান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে মগবাজার এলাকায় প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাত পৌনে ১০টার দিকে নগরীর ফার্মগেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল পাওয়া যায়। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রোববার দেশব্যাপী রাজপথ অবরোধের কর্মসূচি রয়েছে ১৮ দলের। ১৮ দলীয় জোটে জামায়াতে ইসলামীও রয়েছে, যে সংগঠনটির কর্মীরা গত কিছুদিন ধরে সড়কে ভাংচুরে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত ৪ ডিসেম্বর হরতালের সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতেও হামলা চালায় জামায়াতকর্মীরা, পরে এই জন্য দুঃখও প্রকাশ করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জিএম/এমআই/এইচএ/২১৪৫ ঘ.