গাইবান্ধা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে ৫৭ তম মওসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের (গাইবান্ধা-৪) সাংসদ মো. মানায়ার হোসেন চৌধুরী ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মওসুমের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে চিনিকল ডোঙ্গা চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ কোটি ২০ লাখ টাকা লোকসান মাথায় নিয়ে কারখানাটি আখ মাড়াই শুরু করেছে।
তিনি আরো জানান, চলতি মওসুমের ৪৫ দিনে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। শতকরা ৬ দশমিক ৫০ ভাগ হারে আহরণ করে তিন হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান ইক্ষু উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, চিনিকলের প্রতিষ্ঠাতা সাবেক কৃষিমন্ত্রী প্রয়াত আহম্মেদ হোসেনের ছেলে আবু তাহের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২১৮ ঘ.
bdnews24