খুলনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের এক নেতা কিল-ঘুষি মেরে খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাক ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে ইউএনও মো. তবিবুর রহমান উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা করেছেন।
তবে ইউএনওকে কিল-ঘুষি মারার কথা অস্বীকার করেছেন জাহিদুল।
ইউএনও তবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তেরখাদা বাজারে সরকারি জায়গায় ঘর নির্মাণ করছিলেন জাহিদুল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল তাকে কিল ঘুষি মারতে থাকে।
এতে তবিবুরের চোখের নীচে আঘাত লাগে এবং নাক ফেটে যায়। তিনি দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
তেরখাদা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মারধরে আহত হয়ে ইউএনও তবিবুর রহমান প্রথমে থানায় আশ্রয় নেন এবং পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত আটটার দিকে হাসপাতাল থেকে ইউএনওকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।
ছাত্রলীগ নেতা জাহিদুল ইউএনওকে মারধরের কথা অস্বীকার করে বলেন, তিনি নিজের জায়গায় ঘর তুলছিলেন। ইউএনও এসে কাজে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ইউএনও প্রথমে তাকে মারধর করেন। পরে তিনি তা প্রতিরোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২০৫১ ঘ.
bdnews24