মাগুরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হাজার মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে মাগুরার মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
শুক্রবার সন্ধ্যায় মাগুরা মুক্ত দিবস উপলক্ষে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্লা নবুয়াত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী গোলাম মাওলা, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লিপিকা দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ওলামা লীগের সম্পাদক শহিদুল হাসান রেন্টু, কমিউনিস্ট পার্টির জেলা নেতা আনিসুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান বিপু, আহম্মদ হোসেন প্রমুখ।
বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৫০ ঘ.
bdnews24