২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের কথিত দুর্ব্যবহারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

শরীয়তপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের কথিত দুর্ব্যবহারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কে বিক্ষোভ মিছিল করে ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসিন আরাফাতের অপসারণ দাবি করেন। তবে ম্যাজিস্ট্রেট এ অভিযোগ অস্বীকার করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছিল কলেজে। ম্যাজিস্ট্রেট ইয়াসিন কেন্দ্র পরিদর্শনে আসেন। কেন্দ্রের এক নম্বর হলে হৈচৈ দেখে তিনি শিক্ষক মিলনায়তনে গিয়ে অধ্যক্ষের খোঁজ করেন। এ সময় প্রভাষক মাহাবুব হাসানের সঙ্গে তার তর্কাতর্কি হয় ও পরে অধ্যক্ষ মো. আলী হোসেনের সঙ্গেও ম্যাজিস্ট্রেট ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। মাহাবুব হাসান অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট তাকে ‘তুই-তোকারি’ করেন। তিনি অধ্যক্ষের সঙ্গেও অসদাচরণ করেছেন। এই ঘটনার পর কলেজ শিক্ষক সমিতি এক জরুরি সভায় এ ঘটনার নিন্দা জানিয়ে ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করে। অধ্যক্ষ প্রফেসর মো. আলী হোসেন বলেন, ম্যাজিস্ট্রেট বেশি ‘বাড়াবাড়ি ও বেয়াদবি’ করেছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে ম্যাজিষ্ট্রেট ইয়াসিন আরাফাত দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস এ বিষয়ে বলেন, “ইতোমধ্যে অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৩৯ ঘ.