পিরোজপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর গড়ে তোলা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের হামলায় এক ওসিসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি আব্দুল রাজ্জাক মোল্লা, উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান, কনস্টেবল মীর মনির, অহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও আমীনুল ইসলাম। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর শহরের বাইপাস সড়কে অবস্থিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে প্রায় দুই থেকে তিন শতাধিক ছাত্র-শিক্ষক ও জামায়াতে ইসলামীর সমর্থক সাঈদীর মুক্তির দাবিতে মিছিল বের করে।
মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে এলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ৮-১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
এ সময় সাঈদীর অনুসারীদের ছোড়া ইট-পাটকেল ও লাঠির আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হন।
এ ঘটনার পর বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ও সাঈদী ফাউন্ডেশনে হামলা করেছে সরকার সমর্থকেরা। জামায়াতের কার্যালয় থেকে আসবাবপত্র বের করে তাতে আগুন দেয়া হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমএ মোর্শেদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া সাঈদী ফাউন্ডেশনসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ হয়। বিষয়টি এখন আদালতের বিবেচনায়। আদালত সুবিধাজনক সময়ে রায় ঘোষণা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১৮১৬ ঘ.
bdnews24