বগুড়া, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোর্য়েন্টিফোর ডটকম)- বসত বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ এনে জাতীয় পর্যায়ের ক্রিকেটার মাইশুকুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে সদর থানায় এ জিডি করেন জাতীয় ক্রিকেট লীগের রাজশাহী বিভাগের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
মাইশুকুর শহরের সান্তাহার রোড নূরানী মোড়ের আব্দুল মান্নানের ছেলে। তিনি সাহারা-বিসিবি ক্রিকেট একাডেমির খেলোয়ার এবং অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৭ দলে খেলেছেন।
প্রতিবেশী একটি পরিবার স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় তাদেরকে বসত বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
এদিকে প্রতিবেশী ইব্রাহীম ও তার স্ত্রী ইসমত আরা ইভাও মাইশুকুরের পরিবারের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ ক্রিকেটারের বাবা আব্দুল মান্নান ও ছোট ভাই রিয়াদকে গ্রেপ্তার করে।
রিয়াদ জামিনে ছাড়া পেলেও আব্দুল মান্নান এখনো কারাগারে আছেন বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮২৩ ঘ.
bdnews24