মাদারীপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কালকিনি পৌরসভার এক কাউন্সিলরের মায়ের মৃত্যুতে অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধরা।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুরের জেরে বুধবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, “মঙ্গলবার রাত ১০ টার দিকে কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবুল চৌকিদারের মা সুফিয়া বেগম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত বারিকদার তাকে মৃত ঘোষণা করেন।
“এ সময় হাবুল চৌকিদার ও তার লোকজন হাসপাতাল ভাংচুরসহ ডা. প্রশান্ত বারিকদার ও ওয়ার্ড বয় গিয়াস উদ্দিন মারধর করে লাঞ্চিত করে।”
এই ঘটনাকে কেন্দ্র হাসপাতালের পক্ষ থেকে একটি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রশাসন থেকে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।
তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন নিহত সুফিয়ার ছেলে এনায়েত হোসেন চৌকিদার বলেন, “আমার মা ডাক্তারদের অবহেলার কারণে মারা গেছে।”
কালকিনির নবগ্রাম থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন গৌরাঙ্গ বালা বলেন, “রাতে হাসপাতালে মারামারি হওয়ায় এখন আমার মায়ের চিকিৎসা নিতে পারছি না। ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৪ ঘ.
bdnews24