২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড আক্রান্ত ফারজানা মারা গেছে

কুমিল্লার দাউদকান্দিতে এসিড হামলার শিকার এক কিশোরী ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে এসিড হামলার শিকার এক কিশোরী ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনেছে। সোমবার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে মারা যায় দাউদকান্দির সোনাকান্দা গ্রামের হাজী জালাল সরদারের মেয়ে ফারজানা আক্তার (১৫)। ফারজানা স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। ফারজানার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ইউনিয়নের জামালকান্দি গ্রামের কালু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন বেশ কিছুদিন ধরে ফারজানাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ১২ নভেম্বর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাদ্দাম এসিড ছুঁড়েছে। এতে ফারজানা ছাড়াও তার বোনের এক ছেলে এবং গৃহ পরিচারিকার শরীর এসিডে ঝলসে যায়। আহত তিনজনকে স্থানীয় হাসপপাতালে ভর্তির পর ফারজানার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় তাকে। দাউদকান্দি মডেল থানার ওসি আবুল ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে ৩ আসামি আমিন, বাবু মিয়া ও রাসেলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি সাদ্দাম হোসেনসহ বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.