২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

গালাগালের প্রতিবাদ করায় ঝালকাঠীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঝালকাঠী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গালাগালের প্রতিবাদ করায় ঝালকাঠীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া উপজেলা কমপ্লেক্সে সদর ইউপি চেয়ারম্যান কিবরিয়া শিকদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল ইসলামকে (৩০) মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কিবরিয়া। তিনি উপজেলা বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিআরডিবি কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাপনী পরীক্ষার খাতা দেখছিলেন। এ সময় কিবরিয়া রুমে ঢুকে তার কার্যালয়ের কর্মচারীদের কেন চা খাওয়ার টাকা দেয়া হয়নি তা নিয়ে শিক্ষকদের অসভ্য, বেয়াদব, ছোটলোক বলে গালাগাল দেন। ছটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজামুল ইসলাম বলেন, এ সময় তিনি এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার সঙ্গে থাকা লোকজন তাকে এলাপাথাড়ি কিলঘুসি মারতে থাকেন। এ ঘটনার প্রতিবাদে অন্য শিক্ষকরা খাতা দেখা বন্ধ করে দেন। পরে তিনি পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানান। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল বলেন, নিজামুলের মুখমণ্ডল ও ঘাড়ে কিলঘুষির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এখানে এসে বিষয়টি মীমাংসা করে গেছেন। শিক্ষকদের পুনরায় খাতা দেখার নির্দেশ দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান কিবরিয়া সিকদার অভিযোগ করেন, শিক্ষকরা খাতা দেখে রুম ময়লা করেছে। তা পরিষ্কার করার জন্য পিওনকে কিছু টাকা চা খাওয়ার জন্য দিতে বলেন। “এ সময় শিক্ষক নিজামুল উচ্চস্বরে কথা বলে এবং আমাকে চেয়ার নিয়ে মারতে আসে। তাই আমি তাকে ধাক্কা দেই,” বলেন কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৪ ঘ.