২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার মেয়েটা কোথায়?’

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর তিন শ্রমিকের খোঁজ মেলেনি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর তিন শ্রমিকের খোঁজ মেলেনি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। সোমবার কারওয়ান বাজারে শ্রমিক সংগঠনের বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে নিখোঁজদের সন্ধান দাবি করেন নাসিমা আক্তার নামে এক নারী। আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই কারখানায় আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং কারখানা মালিককে গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। কর্মসূচিতে বক্তব্য রাখার সময় সাংবাদিকরা নাসিমা আক্তারের ছবি তুলতে গেলে তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, “ভাই, আপনারা শুধু আমাদের ছবিই তুললেন, কেউ আমার মেয়েটার খোঁজ দিতে পারলেন না। আমার মেয়েটাকে একটু খুঁজে দিন।” নাসিমা জানান, তাজরিন ফ্যাশনসে তার বড় মেয়ে ইমানা জাহান (১৭), বোন নাজমা আক্তার (৩৫) এবং বোনের স্বামী ওমর ফারুক (৪০) কাজ করতেন এবং অগ্নিকাণ্ডের পর থেকেই তারা নিখোঁজ। গত ২৪ নভেম্বর তুবা গ্রুপের তাজরিন কারখানায় আগুনে মারা যাওয়া শ্রমিকের সংখ্যা সরকারি হিসাবে ১১০। আরো শ্রমিক নিখোঁজ বলে দাবি উঠলেও তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি। অগ্নিকাণ্ড তদন্তে শ্রম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সামগ্রিক বিষয়ে সবার কাছে তথ্য চেয়েছে। নাসিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাজরিন কারখানা ভবনের পঞ্চম তলায় কাজ করতেন তার মেয়ে ইমানা। “অগ্নিকাণ্ডের দিন সে (ইমানা) ফোনে শুধু বলল, মা আগুন লাগছে। এর পর থেকে আর মেয়ের কোনো খোঁজ নেই।” ১৭ বছর বয়সী ইমানা মতিঝিল মডেল স্কুল থেকে এক বছর আগে এসএসসি পাস করে বলে জানান তার মা নাসিমা। “পরিবারে আরো দুটো সন্তান আছে, তাই পেটের দায়ে মেয়েটাকে গার্মেন্টসে দিছিলাম,” মেয়ের স্কুলের পরিচয়পত্র দেখিয়ে কান্নায় ভেড়ে পড়েন তিনি। নাসিমা জানান, অগ্নিকাণ্ডের পর তাজরিন কারাখানা, হাসপাতাল কোথাও খুঁজে মেয়েকে পাননি তিনি। তাজরিনে অগ্নিকাণ্ডে নিহত ৫৩ জনের কোনো আত্মীয়-স্বজন না পাওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। অগ্নিদগ্ধ অনেককেই চেনা যাচ্ছিল না। তবে তাদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আত্মীয়দের মাধ্যমে সনাক্ত করা যেতে পারে। নাসিমা বলেন, “আগুনের কথা শুনে ছুটে গিয়েছিলান তাজরিনে। কিন্তু সেখানে মেয়েকে পাইনি। ঢাকা মেডিকেলের মর্গেও খোঁজ করেছি, কেউ কোনো খোঁজ বলতে পারেনি। “আমার মতো আরো অনেকে এখনো পরিবারের সদস্যদের খুঁজছেন। অন্তত লাশটাও যদি পাইতাম তাহলেও একটা সান্ত¡না পেতাম।” নাসিমার বোন নাজমা আক্তার ছিলেন তাজরিনের কাটিং মাস্টার। নাজমার স্বামী ওমরও ওই কারখানায় কাজ করতেন। নাজমা ও ওমরের তিশা (৫) ও নিশা (৪) নামে দুটি মেয়ে আছে বলে জানান নাসিমা। “মেয়ে দুটো গ্রামে আমার মায়ের কাছে আছে, গভীর রাতে ওরা ‘মা’ ‘মা’ করে কান্না করে,” বলেন নাসিমা। মেয়ের মতো বোন আর ভগ্নিপতির সন্ধানও চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৬৫৬ ঘ.