২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশের সাংবাদিকদের রিমান্ড আবেদন নাকচ

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ জনের বিরুদ্ধে চাওয়া হেফাজতের আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 09:41 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ জনের বিরুদ্ধে চাওয়া হেফাজতের আবেদন নাকচ করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। ওই পাঁচজন হলেন- দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলাম। পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১০ সালে করা একটি মামলায় গত ১১ অক্টোবর পাঁচ জনের জামিন বাতিল করে তাদের হেফাজতে নেয়ার আবেদন করা হয়। আসামিদের আইনজীবী বেলাল হোসেন জসীম বলেন, “আমার মক্কেলরা সবাই আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। তুচ্ছ কারণে তাদের হেফাজত চাওয়া হয়।” মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব হাসান আদালতে বলেন, এ মামলায় জামিনে থাকা আসামিরা জামিননামায় শুধু আমার দেশ পত্রিকার ঠিকানা উল্লেখ করেছেন। তাদের গ্রামের বা শহরের বাড়ির স্থায়ী ঠিকানা দেননি। এ বিষয়ে আদেশে আসামিদের স্থায়ী ও ঢাকার ঠিকানা মামলার তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত। ২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পরদিন তেজগাঁও থানায় মামলাটি করে পুলিশ। এতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ সাংবাদিক-কর্মচারীকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/আরএ/১৫৪০ ঘ.