ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে প্রেসক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সোমবার সকালে প্রেসক্লাব থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যকে মোতায়েন দেখা যায়। বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিñিদ্র নিরাপত্তার বলয়।
অনেক পুলিশ সদস্যের গায়েই দেখা যায় বিশেষ জ্যাকেট, মাথায় হেলম্যাট, হাতে বন্দুক। রায়ট কার ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবির কর্মসূচি দিয়েছে। আর সেই কর্মসূচির অনুমতি তারা পায়নি। কর্মসূচির নামে বিভিন্ন সময়ে তারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। এজন্য এই নিরাপত্তা ব্যবস্থা।”
যুদ্ধাপরাধের মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোমবার বিকাল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
তবে ‘নিরাপত্তাজনিত’ কারণের কথা বলে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও রোববার সাংবাদিকদের বলেন, ‘বেআইনিভাবে’ কাউকে সমাবেশ করতে দেয়া হবে না।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত।”
যুদ্ধাপারধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত ও শিবির কর্মীরা। এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
পল্টন মোড়ে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব পালন করতে দেখা গেল বুলেট প্রুফ জ্যাকেট পড়ে। তিনি জানালেন, সমাবেশ বিকালে হলেও ভোর থেকেই তারা প্রস্তুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24