ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের নতুন ১০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন বিষয়ে বুধবার দিক-নির্দেশনা দেয়া হবে।
ওই দিন বিকাল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে থাকতে চিঠি পাঠানো হয়েছে সোমবার বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ, ভূমি সচিব মোখলেছুর রহমান, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান জেলা প্রশাসকদের মূল দিক-নির্দেশনা দেবেন।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মেছবাহ উল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মরতুজা আহমদ এবং যুগ্ম-সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়গুলো জেলা প্রশাসকদের জানাবেন।
গত ২৬ নভেম্বর ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। তারা ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন।
নতুন জেলা প্রশাসকরা হলেন- গাইবান্ধায় কাজী আনোয়ারুল হক, হবিগঞ্জে মনিন্দ্র কিশোর মজুমদার, ঝালকাঠীতে শাখাওয়াত হোসেন, রাজবাড়ীতে মঈনুদ্দিন আহমেদ, বাগেরহাটে শুকুর আলী, মৌলভীবাজারে কামরুল হাসান, জয়পুরহাটে মো. ইয়াসিন, মুন্সীগঞ্জে সাইফুল হাসান বাদল, ফরিদপুরে হাসানুজ্জামান কল্লোল এবং নওগাঁয় এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএস/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24