২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির দেড় দশক পাহাড়ে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৫ বছর পূর্তিতে চুক্তির পক্ষ ও বিপক্ষের সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৫ বছর পূর্তিতে চুক্তির পক্ষ ও বিপক্ষের সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। রোববার সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়। এছাড়া সেনাবাহিনীর উদ্যোগে জেলার গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি ও রামগড়ে শোভাযাত্রা বের করা হয়। জেলা শহরে নির্মাণ করা হয় সুদৃশ্য তোরণ। সরকারি উদ্যোগে সাঁটানো হয়েছে রঙ্গিন পোস্টার ও ব্যানার। পাহাড়ে দু’দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল পাহাড়ের কয়েকটি সংগঠন। অপরদিকে চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি বলে অভিযোগ করছে চুক্তির পক্ষের সংগঠন পিসিজেএসএস। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সকাল ৯টায় শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। জেলা পরিষদ প্রাঙ্গণে সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্ধোধন করেন পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশিদ, জেলা প্রশাসক মো. মাসুদ করিম, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর, পুলিশ সুপার মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ অংশ নেন। পিসিজেএসএস ‘প্রতিশ্র“তি নয়, চুক্তির প্রকৃত বাস্তবায়ন চাই’- শ্লোগানে আলোচনা সভা ও গণসমাবেশের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) দিবসটি পালন করেছে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে। চুক্তি বিরোধী সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ দিনটিকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে পাহাড়ের তিন জেলায় পালন করে প্রতিবাদ দিবস। এছাড়া চুক্তির বিরোধিতাকারী পাহাড়িদের আরেকটি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দিবসটিকে ‘গ্লানি দিবস’ হিসেবে পালনের ডাক দেয়। এদিন জেলায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নেয়া হয় সারা জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৪ ঘ.