ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে এক শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় আদালত অবমাননার অভিযোগে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজিসহ তিন কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে আগামী ১১ ডিসেম্বর ওই তিনজনকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। অন্য দুই কর্মকর্তা হলেন- বরিশালের জেলা পুলিশ সুপার ও উজিরপুর থানার ওসি।
পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, এক সপ্তাহের মধ্যে তা জানাতে বলেছে হাই কোর্ট।
গত ২১ অক্টোবর দৈনিক আমার দেশে ‘চাকরি দিতে অনিয়ম না করার জের : বরিশালে শিক্ষককে মেরে জুতার মালা পরিয়ে দিল আ. লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকে আসাদুজ্জামান সিদ্দিকী গত ৩০ অক্টোবর এই রিট আবেদন করেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে কেরানি পদে নিয়োগ পরীক্ষা হয়। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন পান্ডেসহ ১৫ জন ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে নিয়োগ পান রতন রায় নামের একজন।
“চাকরি না পেয়ে ক্ষুব্ধ লিটন দলবল নিয়ে চড়াও হন প্রধান শিক্ষক অনাথ বন্ধু হালদারের ওপর। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।”
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল ও শিক্ষার্থীরা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ৩১ অক্টোবর হাই কোর্ট রুল দেয়ার পাশাপাশি উজিরপুর থানার ওসি, ঘটনার হোতা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনসহ তিনজনকে তলব করে।
পরে ১৫ ও ২১ নভেম্বর শুনানি হলেও কোনোদিনই লিটন আদালতে হাজির হননি। তখন তাকে হাজির করাতে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল জেলা পুলিশ সুপার ও উজিরপুর থানার ওসিকে বলা হয়।
মনজিল মোরসেদ বলেন, “আজ ওসি হলফনামা দিয়ে বলেছে, লিটন ভারতে পালিয়ে গেছে। এ কারণে তারা তাকে আদালতে হাজির করতে পারেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ ১৭০০ ঘ.
bdnews24