২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জয়োল্লাস

ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট পতনে গোটা দেশ যখন জয়ের আনন্দ ভাসছে ঠিক তখন গণভবনে টেলিভিশনের সামনে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট পতনে গোটা দেশ যখন জয়ের আনন্দ ভাসছে ঠিক তখন গণভবনে টেলিভিশনের সামনে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আওয়ামী লীগ সভানেত্রীর এই তাৎক্ষণিক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার কথা জানান। তিনি জানান, ওয়েস্ট উন্ডিজের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় সীমিত ওভারের একদিনের খেলা শেষ ওভারে শেখ হাসিনা কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহসান পাপনের সঙ্গে। পাপন তখন খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে আর শেখ হাসিনা গণভবনে টেলিভিশনের সামনে বসে আছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল বলেন, “কেরাণীগঞ্জে একটি বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন শেষে গণভবনে ফিরেই খেলা দেখতে টেলিভিশনের সামনে বসেন প্রধানমন্ত্রী। ৩০ ওভারের শেষ বলে আন্দ্রে রাসেল রান আউট হওয়ার পর শেখ হাসিনা ফোন করেন পাপনকে। ওয়েস্ট উন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় তখন সময়ের ব্যাপার মাত্র।” জয়ের আগেই টেলিফোনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে প্রধানমন্ত্রী তার উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। পাপনের সঙ্গে কথা চলাকালীনই ওভারের প্রথম বলটি করেন সোহাগ গাজী। বলটি ছিল অফ স্ট্যাম্পের ওপর ফ্লাইটেড ডেলিভারি। বাতাসে বলটি তুলে দিলেন নারাইন। “অন সাইডে দাঁড়িয়ে থাকা তামিম ক্যাচটি তালুবন্দী করার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ বলে চিৎকার করে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,” বলেন শাকিল। তিনি জানান, পরে প্রধানমন্ত্রী গণভবনের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। এর আগে কেরাণীগঞ্জের আবদুল্লাহপুরে বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করতে গিয়েও প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সদস্য মোহাম্মদ রফিকও উপস্থিত ছিলেন। সে সময় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ২৯২ রান করেছে। এখানে রফিকও আছে। আশাকরি, বাংলাদেশ জয়ী হবে।” পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটে ২৯২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৩২ রানে অল-আউট হয়ে যায়। ফলে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৭০২ ঘ.