২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খান সারওয়ার মুরশিদ

রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ। তার পারিবারিক বন্ধু আমিনুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ৮৮ বছর বয়সী এই শিক্ষাবিদ পর পর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই অধ্যাপকের মস্তিষ্কে গত বৃহস্পতিবার সকালে তৃতীয় দফা স্ট্রোক হয়। আমিনুর রহমান রানা বলেন, “গণমাধ্যমের মাধ্যমে গতকাল (শনিবার) খান সারওয়ার মুরশিদের জন্য রক্ত চাওয়া হয়েছিল। এতে অনেকেই সাড়া দিয়েছেন।” এর আগে গত অক্টোবরে উন্নত চিকিৎসার জন্য এই অধ্যাপককে সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় তাকে ঢাকাতেই রাখা হয়। নিজেই শ্বাস নিতে পারায় চিকিৎসকরা মাঝখানে কিছুদিনের জন্য তার লাইফসাপোর্ট খুলে নিয়েছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানিয়েছিলেন তার ছেলে কে এ এস মুরশিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ। খান সারওয়ার ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি। খান সারওয়ার মুরশিদের স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচএ/জেকে/১৬১৩ ঘ.