২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস আর নেই

নওগাঁর প্রবীণ রাজনীতিক ও সংস্কৃতিকর্মী মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

নওগাঁ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর প্রবীণ রাজনীতিক ও সংস্কৃতিকর্মী মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস আর নেই। স্থানীয়দের প্রিয় বিশু স্যার শনিবার রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার সকালে রাজশাহী থেকে তার মরদেহ নওগাঁ পৌঁছলে স্থানীয় রাজনীতিবিদ, সংস্কৃতিককর্মী, সাংবাদিক, তার ছাত্রছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ শহরের উকিলপাড়ার বাসভবনে ছুটে যান। বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এররপ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কিছুক্ষণ সেখানে রাখা হয়। এখানে একুশে উদযাপন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ন্যাপ, নওগাঁ আবৃত্তি পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, উদীচী, ভাসানী স্মৃতিপরিষদ ও দেশ মাতৃকা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আখতার আহম্মেদ সিদ্দিকী, ময়নুল হক মুকুল, অধ্যাপক শরীফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার হাছিনা আক্তার, অ্যাডভোকেট খায়রুল আনাম হেলাল, অধ্যাপক তৌহিদ আহমদ, অধ্যক্ষ মোর্তূজা রেজা, সদর উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার গোলাম সামদানীসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিককর্মী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। তার ইচ্ছানুযায়ী পরে নওগাঁ শ্মশানে তাকে সমাহিত করা হয়। বিশ্বনাথ দাস ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে গত শতকের ৬০ এর দশকে আইয়ূব বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতার পর তিনি পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নওগাঁ পিএম গার্লস হাই স্কুল থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৩ ঘ.