২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

নারায়ণগঞ্জ কর অঞ্চলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ কর অঞ্চলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আনেন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া ৩০ জন প্রার্থী। শুক্রবার সকালে দু’দফায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮০টি পদের বিপরীতে ২ হাজার ৭৯৪ জন প্রার্থী অংশ নেন। সংবাদ সম্মেলনে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অস্বীকার করে নিয়োগ কমিটির সভাপতি ও কর অঞ্চল নারায়ণগঞ্জ রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নই আসে না। কারণ, যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তাতে প্রশ্নপত্র ফাঁস হওয়া কোনোভাবেই সম্ভব নয়।” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্টেনোগ্রাফার পদপ্রার্থী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- নৈশপ্রহরী পদপ্রার্থী নাদিম ও নৈশ প্রহরী প্রার্থী মাহাবুব আলম নয়ন, নোটিশ সার্ভার প্রার্থী ফারুক হোসেন, স্টেনোগ্রাফার প্রার্থী আসাদুজ্জামান, এমএলএসএস প্রার্থী সালামত উল্লাহ, ডাটা এন্ট্রি প্রার্থী আক্তারুজ্জামান ও শাহানা ফেরদৌসসহ ৩০ জন প্রার্থী। লিখিত বক্তব্যে দাবি করা হয়, পরীক্ষার সময় কিছু কিছু প্রার্থীকে দ্রুততার সঙ্গে উত্তরে টিক চিহ্ন দিতে দেখা গেছে। প্রশ্নে পাটীগণিতের অংক থাকলেও কোনো কোনো প্রার্থীকে তার সমাধান না করেই সরাসরি উত্তরে টিক চিহ্ন দিতে দেখা গেছে। এছাড়া কর কর্মকর্তাদের কেউ কেউ পরীক্ষা চলার সময় হলে প্রবেশ করে কিছু কিছু প্রার্থীকে উত্তর দিয়ে যায়। এসব দেখে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে তাদের মনে সন্দেহের উদ্রেক হয় বলে জানান এসব প্রার্থী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোনো কোনো প্রার্থীকে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেখা দেছে। কিন্তু প্রবেশপত্রে লেখা ছিল- হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। অথচ হলের পরিদর্শকরা ওইসব পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনগুলো না নিয়ে তাদের কাছেই রাখতে বলেন। নিয়োগ কমিটির সভাপতি রেজাউল করীম জানান, ৮০টির মধ্যে ৭৮টি পদের বিপরীতে ৩ হাজার ৬শ’ জন আবেদন করেছিলেন। দুটি পদে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আর নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি পিএসসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নিয়োজিত কর্মকর্তারা মনিটরিং করেছেন। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ ছিল না দাবি করে রেজাউল করিম আরো বলেন, শুক্রবার সকালে তোলারাম কলেজে প্রার্থীদের পরীক্ষা নেয়া হয়। আর প্রশ্নপত্র কম্পোজ শুরু হয় বৃহস্পতিবার রাত ১২টায়। যারা প্রশ্নপত্র কম্পোজ করেছেন তাদের মোবাইল ফোন জব্দ করে তা বন্ধ করে নিয়োগ কমিটির কাছে রেখে দেয়া হয়। প্রশ্নপত্র কম্পোজ ও তা কপি করে প্যাকেট করতে শুক্রবার সকাল ৭টা বেজে যায়। “এরপর প্রশ্নপত্রগুলো তোলারাম কলেজে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শুরুর আগে হল পরিদর্শকদের কাছে প্যাকেট করা প্রশ্নপত্র পৌঁছে দেন তারা।” এ প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস সম্ভব কিনা তা উল্টো জানতে চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৫০ ঘ.