চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেয়ার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপ-পরির্দশকসহ (এএসআই) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- এএসআই মো. কবির, কনস্টেবল জয় রঞ্জন বড়–য়া ও আজাদ তালুকদার।
শুক্রবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ ঘুষ গ্রহণের অভিযোগে এ তিন জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পটিয়া থানা পুলিশ সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই কবিরের নেতৃত্বে অধিদপ্তরের তিন সদস্য উপজেলার কেলিশহর ইউনিয়নের দারোগা হাট এলাকা থেকে মদ খাওয়ার অভিযোগে সুমন দাশ নামে এক ব্যক্তিকে আটক করে অফিসে নিয়ে আসেন।
পরে তার পরিবারের সদস্যদের ডেকে এনে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ আদায় করে তারা।
ঘটনাটি স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরীকে অবহিত করা হয়।
শামসুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিরপরাধ এক ব্যক্তিকে আটক করে ঘুষ আদায় করেছে বলে তার কাছে অভিযোগ আসে।
এরপর উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে গিয়ে ঘুষের টাকাসহ ওই তিন সদস্যকে দেখতে পান। তারা পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এ ঘটনা জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আমিনুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২৩০৮ ঘ.
bdnews24