ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে এক নারী চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম সাদিয়া আফরীন ইভা (২৭)। তার বাবা মনিরুল ইসলাম পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।
উত্তরা বিভাগের পুলিশের উপ-কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি এলাকার ব্র্যাক ক্লিনিকের তৃতীয় তলা থেকে ইভার মৃতদেহ উদ্ধার করা হয়।
ইভাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। ইভা ওই ক্লিনিকের গাইনি চিকিৎসক ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইভা একটি সিজার অপারেশন করেন। সকালে ওই ক্লিনিকের একজন সেবিকা ইভার নম্বরে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ওই সেবিকা ক্লিনিকের তৃতীয় তলায় গিয়ে ইভার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ কর্মকর্তা বলেন, “ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ক্লিনিকের সুপার ভাইজার ফয়সাল শ্বাসরোধ করে ইভাকে হত্যা করেছে।”
ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইভার বাবা পুলিশের একজন উপপরিদর্শক। তিনি ব্রাহ্মনবাড়িয়ায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০৫৫ ঘ.
bdnews24