সিলেট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পে দুর্যোগ মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু-কিশোরদের আঁকা চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে সিলেট নগরীতে।
শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপশহরের শাহ আলম গ্যালারিতে স্কুল অফ আর্ট, সিলেট সিটি কর্পোরেশন, অক্সফাম, ভার্ড, নারী, ইউরোপিয়ান কমিশন ও ইসলামিক রিলিফ আয়োজিত এই প্রদর্শনীতে শিশু-কিশোরদের আঁকা ১৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উম্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে মুহিত বলেন, সিলেটে বহু শিল্পী, সাহিত্যিকের জন্ম হয়েছে। কিন্তু এ অঞ্চলে চিত্রশিল্পের তেমন বিকাশ ঘটেনি। তাই চিত্রশিল্পের বিকাশে এখানে একটি আর্ট কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ভাস্কর শিল্পী সৈয়দ আব্দুলাহ খালিদ।
দেবাশীষ দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ, স্কুল অফ আর্টের চেয়ারম্যান এলাইছ মিয়া মতিন, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24