ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আজাদ আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা এক শোক বার্তায় ভারতীয় নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে গুজরালের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গুজরালের শেষকৃত্যে অংশ নিতে ভারত যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্যাহ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নয়া দিল্লির নিকটবর্তী গুরগাঁও শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আই কে গুজরাল।
তিনি ছিলেন ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯৯৭ সালের এপ্রিল থেকে পরের বছর মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন আই কে গুজরাল। ১৯৮৮ সালে জনতা দলে যোগ দেয়ার আগে তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের তথ্য ও সম্ú্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৭১৫ ঘ.
bdnews24