বরগুনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার তালতলী উপজেলায় গৃহবধূকে গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
নিহত পরীভানুর ভাই মোসলেম আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বৃহস্পতিবার তালতলী থানায় মামলাটি দায়ের করেন।
গত বুধবার দুপুরে উপজেলার চরপাড়ার একটি ধানক্ষেত থেকে পরীভানুর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই পুলিশ নিহতের সাবেক স্বামী মোহাম্মদ ইব্রাহিম এবং তার সহযোগী আবদুস সালাম শরীফ ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিন জনসহ অপর দুইজনকে মামলার আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গ্রেপ্তারদের কাছ থেকে পরীভানুর দুই জোড়া কানের দুল, দুটো নাক ফুল উদ্ধার করা হয়েছে।
তালতলী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পান বরজে কাজ দেয়ার কথা বলে গত শনিবার সন্ধ্যায় পরীভানুকে বাড়িতে ডেকে নেয় ইব্রাহিমের প্রতিবেশি সালাম শরীফ।
রাতে শরীফসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়বগী ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের রফেজ উদ্দিনের মেয়ে পরীভানুর সঙ্গে ১৮ বছর আগে চরপাড়ার ইব্রাহিমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
চার বছর আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করে এবং পরে পরীভানুকে তালাক দেয়। ওই ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে দুটি মামলা করেন পরীভানু।
মামলা করার কারণেই ইব্রাহিম পরীভানুকে হত্যার পরিকল্পনা করে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৫২ ঘ.
bdnews24