ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত আন্তঃমন্ত্রণালয় তদারকি (মনিটরিং) কমিটির বৈঠক ডাকা হয়েছে।
আগামী ৬ ডিসেম্বর এ বৈঠক হবে জানিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডের কারণসহ বিভিন্ন বিষয় তদন্তে কয়েকটি কমিটি কাজ করছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সরকার নিজের অবস্থান তুলে ধরবে।
প্রতিবেদন পর্যালোচনা করেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান মন্ত্রী।
গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনউদ্দিন খন্দকারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ওই কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে আরো তিনটি কমিটি গঠন করা হয়েছে।
গত অর্থ বছর বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে মোট আয় হয়েছে ২৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন তৈরি পোশাক খাতেই আয় হয়েছে ১৯ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/২০৫৫ ঘ.
bdnews24