চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (সিসিসি) বকেয়াসহ হোল্ডিং ট্যাক্সের একশ’ ১২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নৌমন্ত্রী শাজাহান খান সিসিসি মেয়র এম মনজুর আলমের কাছে উল্লেখিত অর্থের চেক হস্তান্তর করেন।
বিকালে কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও সদিচ্ছার কারণেই এই অর্থ সিটি কর্পোরেশনকে পরিশোধ করা সম্ভব হয়েছে।
এই অর্থ দিয়ে সিটি কর্পোরেশন নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবার কাজে আরো গতি আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেয়র মনজুর আলম চেক গ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, নৌমন্ত্রী ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা সিটি কর্পোরেশনকে এই টাকা আদায়ে সহায়তা করেছে।
এ সময় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান, নৌপরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও প্ল্যানিং) মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০১২ ঘ.
bdnews24