ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনীতে নাবিক ভর্তির নামে টাকা নেয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ-বাহিনী গোয়েন্দা সংস্থার সদস্যরা র্যাবের সহায়তায় রাজশাহী স্টেডিয়াম এলাকা থেকে পাঁচজনকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা, নয় লক্ষ টাকার চেক এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রাজশাহীর চারঘাট থানার মো. আইয়ুব আলী (৪৫) এবং গোদাগাড়ী থানার আসাদুল হক (২৮), আতিকুর রহমান (৩১), আব্দুল মতিন (৪০) ও আব্দুল ওয়াহাব আলী (৫০)।
“এরা নৌ-বাহিনীর নাবিক শাখায় ভর্তির প্রলোভন দেখিয়ে ভর্তিচ্ছুদের কাছ থেকে বৃহস্পতিবার সকাল থেকে টাকা সংগ্রহ করছিল”, বলা হয় বিজ্ঞপ্তিতে।
নৌ-বাহিনীতে ভর্তি প্রক্রিয়া চলাকালে এর আগে নৌবাহিনী গোয়েন্দা সংস্থার সদস্যরা র্যাবের সহায়তায় কুষ্টিয়া থেকে তিন জন এবং পাবনা থেকে প্রতারক চক্রের পাঁচ জনকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৪২ ঘ.
bdnews24