২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ নির্বাচনে ভোট গণনা চলছে

গোলযোগের অভিযোগ ওঠলেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচ্ছিন্ন গোলযোগের অভিযোগের মধ্যে শেষ হয়েছে চিকিৎসকদের জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি জায়গা থেকে গোলযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে।” ময়মনসিংহ মেডিকেল কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক চিকিৎসকরা। শরীয়তপুরেরও তারা কারচুপির অভিযোগ তোলেন। ব্যালটে ত্রুটির কারণে কুষ্টিয়ায় বিএমএ নির্বাচন স্থগিত করা হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ৩৩ হাজার ৮৯২ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) তাদের সমমনা চিকিৎসক সংগঠনগুলোর সমর্থন ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের পর চিকিৎসক পেশাজীবীদের এই নির্বাচন দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে। স্বাচিপের প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মাহমুদ হাসান। মহাসচিব পদে লড়ছেন ইকবাল আর্সলান। অন্যদিকে বিএনপি সমর্থিত সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামায়াতে ইসলামী সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরামের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলে সভাপতি পদে আজিজুল হকের সঙ্গে মহাসচিব পদে প্রার্থী হয়েছেন সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী উভয় প্যানেলের নেতারাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিএমএর নীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/১৮০২ ঘ.