২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ নির্বাচনস্বাচিপ এগিয়ে, চূড়ান্ত ফল শনিবার

৬৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টির ফল ঘোষণা করা হয়েছে যাতে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছে সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টির ফলাফলে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছে সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও মহাসচিব প্রার্থীরা। বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান খান শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানান, ৪৪টি কেন্দ্রের লিখিত ফল হাতে এসেছে। বাকি কেন্দ্রগুলোর লিখিত ফল এলে শনিবার বিকেলে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ফোনে বাকি কেন্দ্রগুলোর ফল জানা গেলেও তা লিখিতভাবে পাওয়া যায়নি বলে তিনি জানান। অবশ্য ভোট গণনা শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার রাতে জয়ের দাবি করেন স্বাচিপ নেতারা। আর কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)। ৪৪টি কেন্দ্রের ফলে সভাপতি পদে স্বাচিপের প্রার্থী মাহমুদ হাসান পেয়েছেন ১১ হাজার ৪৮২ ভোট। ড্যাবের প্যানেল থেকে সভাপতি প্রার্থী এ কে এম আজিজুল হক পেয়েছেন ৬ হাজার ৩০৮ ভোট। স্বাচিপের মহাসচিব পদে প্রার্থী ইকবাল আর্সলান ১০ হাজার ৬৫২ ভোট পেয়েছেন। এ পদে ড্যাবের জেড এম জাহিদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৭৩১ ভোট। গণনা চলার সময় রাত সোয়া ১টার দিকে তোপখানা রোডে বিএমএ ভবন থেকে ড্যাবের সব এজেন্ট বেরিয়ে এসে কারচুপির অভিযোগ তোলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সভাপতি আবদুর রহমান খান বলেন, যথাযথ ভাবেই নির্বাচন হয়েছে। কোনো শাখা থেকে লিখিত ভাবে বা ফোনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের কাছ থেকে যেসব অভিযোগ পেয়েছি তার সমাধান করা হয়েছে। দিনভর ভোটগ্রহণের পর তোপখানা রোডে বিএমএ ভবনে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গণনা চলছিল। শুক্রবার ফলাফল ঘোষণা হবে বলে বিএমএ নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছিলেন। ভোটগণনাস্থল থেকে বেরিয়ে এসে ড্যাবের মহাসচিব প্রার্থী জাহিদ সাংবাদিকদের বলেন, “এখানে ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে।” একটি কেন্দ্রে ব্যালট বাক্সে মোট ভোটের চেয়ে ৩০১টি ব্যালট পেপার বেশি পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, “আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। নতুন করে নির্বাচন দিতে হবে।” ড্যাবের এই দাবির প্রতিক্রিয়ায় স্বাচিপের মহাসচিব প্রার্থী ইকবাল আর্সলান সাংবাদিকদের বলেন, “তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ সারাদিন ভোটগ্রহণ প্রক্রিয়ায় সবাই আমরা একসঙ্গে ছিলাম, গণনার সময়ও ছিলাম, ফলাফল যখন প্রায় চূড়ান্ত তখন তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।” বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান খান বলেন, “ব্যালট পেপার বেশি পাওয়ার ঘটনাটি টেকনিক্যাল এরর। এটা পুরো নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না।” “আমরা সব সিদ্ধান্ত নিয়েছি দুই প্যানেলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে। ড্যাব কেন পরে নির্বাচন প্রত্যাখ্যান করে তা বোধগম্য না”, যোগ করেন তিনি। বিএমএর ৪১ সদস্যের কার্যকরি পরিষদে সভাপতি ও মহাসচিবের পর গুরুত্বপূর্ণ দুটি পদ সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে স্বাচিপের প্রার্থীরা হলেন উত্তম কুমার বড়ুয়া ও এহসানুল কবীর জগলুল। সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সরকারবিরোধী প্যানেলের প্রার্থীরা হলেন- আব্দুল ওয়াহাব ও মোস্তাক রহিম স্বপন। সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে সারাদেশে মোট ৬৭টি কেন্দ্রে ভোট দেন ৩৩ হাজার ৮৯২ জন ভোটার। এই নির্বাচনে সর্বাধিক ভোটার ঢাকা কেন্দ্রে। এখানে ১৩ হাজার ৩৩২ ভোটারের মধ্যে ৮ হাজার ১২০ জন ভোট দিয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক চিকিৎসকরা। শরীয়তপুরেও তারা কারচুপির অভিযোগ তোলেন। ব্যালটে ত্রুটির কারণে কুষ্টিয়া কেন্দ্রের আঞ্চলিক কমিটির নির্বাচন স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৮০৪ ঘ.