২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকরা পেয়েছেন নাফিসের দেখা

নাফিসের মামলার শুনানির আগে তার সঙ্গে কথা বলেন বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

শেখ শাহরিয়ার জামান কূটনৈতিক প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার অভিযোগে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশি কূটনীতিকরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “দুই কূটনীতিক ২৭ নভেম্বর নিউ ইয়র্কের আদালতে নাফিসের শুনানিতে যায় এবং তার সঙ্গে কথা বলেন।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “দূতাবাস (বাংলাদেশ) থেকে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাইনি। তাই নাফিসের সঙ্গে কথা বলাটি কনস্যুলার একসেস বলা যায় কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।” ২৭ নভেম্বরের শুনানিতে নাফিস নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত আগামী ৯ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার মিনিস্টার শামসুল হক এবং নিউ ইয়র্ক কনস্যুলেটের কর্মকর্তা শাহেদুল ইসলাম নাফিসের শুনানিতে ছিলেন। “শুনানি শুরুর আগে তারা নাফিসের সঙ্গে কথা বলেন,” বলেন মাহফুজ। এর আগে গত ১৭ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, নাফিসকে কূটনীতিক সহায়তা দেয়ার জন্য প্রস্তব করা হয়েছিল। কিন্তু সাহায্য নিতে অস্বীকার করেন এই যুবক। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া ২১ বছর বয়সী নাফিসকে বোমা হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ১৭ অক্টোবর গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। যুক্তরাষ্ট্রে গোয়েন্দাদের পাতানো ফাঁদে পড়ে নাফিস বোমা মেরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল বলে অভিযোগ ওঠেছে। ওই অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আদালত নাফিসকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/২১০৮ ঘ.