চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিইপিজেডের সেকশন সেভেন নামের একটি বিদেশি কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানান, যান্ত্রিক গোলযোগের কারণে সকালে কারখানার জেনারেটরে আগুন ধরে যায়। তবে কারখানার লোকজনই তা নিভিয়ে ফেলেন।
কিন্তু এ সময় বহু শ্রমিক আতঙ্কিত হয়ে একসঙ্গে ভবন থেকে বের হতে গিয়ে আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহতদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, হুড়োহুড়ির কারণে অনেকেই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/জেকে/১২৫০ ঘ.
bdnews24