ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিরুট ফিন্যান্স অ্যান্ড কমার্সের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয়ার অনুমোদন পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
হেফাজতের তথ্য নিশ্চিত করে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে ১৬ কোট টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তদন্ত কর্মকর্তা ১০ দিন হেফাজত চেয়েছিলেন।
গত সোমবার পুরানা পল্টনে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার চলতি বছরের ২ ফেব্রয়ারি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোবারকের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, অল্প সময়ে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছ থেকে ৩৩ কোটি টাকা সংগ্রহ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯২৬ ঘ.
bdnews24