২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাড়াহুড়া করে ফ্লাইওভার নয়’

“নিম্ন মানের ফ্লাইওভার করে চট্টগ্রামের ঘটনা ঘটুক তা আমরা চাই না,” ফ্লাইওভার চেয়ে এক সংসদ সদস্যের আবেদনের জবাবে বলেছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ফ্লাইওভার দ্রুত নির্মাণ প্রয়োজন হলেও এক্ষেত্রে চট্টগ্রামের দুর্ঘটনার পর এক্ষেত্রে আর তাড়াহুড়া করতে চান না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সংসদে তিনি বলেছেন, “ফ্লাইওভার বললেই হবে না, ফ্লাইওভার সহজ বিষ য়নয়। তাড়াহুড়া করে নিম্নমানের ফ্লাইওভার করার চেয়ে না করাই ভালো।” গত শনিবার চট্টগ্রামে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়। যথাযথ তদারকির অভাবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। “নিম্নমানের ফ্লাইওভার করে চট্টগ্রামের ঘটনা ঘটুক তা আমরা চাই না,” বলেন ওবায়দুল কাদের। সংসদে প্রশ্নোত্তর পর্বে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির ঢাকা-সিলেট মহাসড়কে রেল লাইনের ওপর দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাইওভার তৈরির আহ্বান জানালে মন্ত্রী এ কথা বলেন। কাদের বলেন, “নিম্নমানের ফ্লাইওভারের চেয়ে না হওয়া ভালো। দরকার হলে রাস্তা চওড়া করা হবে।” পদ্মা সেতু প্রসঙ্গ বর্তমান সরকারের সময়কালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্ত ও প্রকল্প বাস্তবায়ন কাজ পাশাপাশি চালানোর লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং আশা করা যায় শিগগিরই বিষয়টি নিষ্পত্তি হবে এবং টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত করে বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।” কারো নাম উল্লেখ না করে যোগাযোগমন্ত্রী বলেন, “পদ্মা সেতুর বিষয়ে কেউ হয়ত বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ করেছে। তাই তারা দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ঋণচুক্তি বাতিল করলেও সরকারের প্রচেষ্টায় গত সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে এ প্রকল্পে ফিরে আসে।” প্রকল্প শুরুতে দেরির বিষয়ে তিনি বলেন, “যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ব ব্যাংকের নিজস্ব অফিসিয়াল পদ্ধতি রয়েছে। কোনো প্রকার অভিযোগ, সেটা বেনামী বা ভিত্তিহীন হলেও বিশ্ব ব্যাংকের তা তদন্তের নিয়ম রয়েছে।” সড়কের পরিসংখ্যান স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার আগে দেশে ৪ হাজার ৮০ কিলোমিটার সড়ক ছিল। এখন সড়ক রয়েছে ২১ হাজার ৫৭১ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৫৭০, আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৩২৩ এবং জেলা সড়ক ১৩ হাজার ৬৭৮ কিলোমিটার। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইজিবাইক সড়কে চলাচলের কোনো অনুমোদন সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেয়া না হওয়ায় এ ধরনের বাহন রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। মহাসড়কে দুর্ঘটনা রোধে দুর্ঘটনাপ্রবণ স্থান অর্থাৎ ‘ব্ল্যাক স্পট’ চি‎িহ্নত করে প্রতিকারমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা-আরিচা মহাসড়কে ১১টি ব্ল্যাক স্পটে বাঁক প্রশস্তকরণ ও সরলীকরণ করার ফলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকা-সিলেট ও ঢাকা-কক্সবাজার সড়কে আরো ছয়টি বাঁক সরলীকরণের কাজ হাতে নেয়া হয়েছে। সংসদ সদস্য পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৯ নভেম্বর পর্যন্ত বিআরটিএ বিভিন্ন শ্রেণির ২ লাখ ৩৮ হাজার ৮৮৯টি ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। বিএনপির অনুপস্থিত সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজানের প্রশ্নের জবাবে কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেইন বিশিষ্ট দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাচপুর সেতু নির্মাণের পরিকল্পনা সরকার নিয়েছে। “তিন সেতুর সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে জাইকার সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আশা করা যায়, চলতি অর্থ বছরেই তিন সেতুর কাজ শুরু করা সম্ভব হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১২ ঘ.