খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে তাদের প্রার্থীরা জয়ী হন।
একটি সহ-সভাপতিসহ বাকি চারটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ইউনুস ৫৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৫৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই পরিষদের মোল্লা মাসুম রশীদ।
অন্যান্য জয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি ঐক্য পরিষদের সৈয়দা রেবেকা বেগম এবং সমন্বয় পরিষদের মো. তৈয়বুর রহমান।
যুগ্ম-সম্পাদক ঐক্য পরিষদের শেখ জাকিরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক ঐক্য পরিষদের মো. শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঐক্য পরিষদের মো. সাহেদ হোসেন।
সদস্যরা হলেন মো. হাবিবুর রহমান মালী, শিরিন আফরোজা খানম, মুহা. আব্দুল মান্নান, শাহ মো. মামুন মোর্শেদ ফারুকী, তামিমা লতিফ, তমাল কান্তি ঘোষ ও মো. আল-আমিন উকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24