২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার ধস নিয়ে রিট আবেদন

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন হয়েছে। সোমবার সকালে আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. শোয়েব উদ্দিন খান হাই কোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে এই আবেদন উপস্থাপন করেন। বিকালে সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত জানায়, মঙ্গলবার আদেশ দেয়া হবে। রিট আবেদনে আহতদের চিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি ওই প্রকল্প সংক্রান্ত সব কাগজপত্র আদালতে তলবেরও আবেদন করা হয়। একইসঙ্গে বহদ্দারহাটে ফ্লাইওভার নির্মাণে প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানাতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। রিট আবেদনের বিবাদী যোগাযোগ সচিব, স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, বহদ্দারহাট ফ্লাইওভারের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেড ও পারিশা ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এর জবাব দিতে হবে। কক্সবাজারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রায়হানুল মোস্তফা এই রিট আবেদন করেন। আইনজীবী শোয়েব উদ্দিন খান আদালতে বলেন, ২৯ জুন একই ধরণের আরো একটি ঘটনা ঘটেছিল। আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। এই ফ্লাইওভারের গার্ডারের সঙ্গে পিলারের সংযোগ স্থাপনে আংটা লাগানো না হওয়ায় উভয় দুর্ঘটনা ঘটেছে। প্রথম ঘটনার পরে ব্যবস্থা নেয়া হলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। মো. শোয়েব উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্মাণকাজ পাওয়া এই প্রতিষ্ঠানটি একেবারেই অদক্ষ। এ ধরণের একটি প্রতিষ্ঠান কীভাবে কাজ পেলো, তা দেখতে কাগজপত্র তলবের প্রার্থণা আমরা করেছি। ওই কাগজপত্র এলে তাদেরকে কাজ দেয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়ে থাকলে তাও বেরিয়ে আসবে।” শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহদ্দারহাটের শাহ আমানত সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুকুরের সামনে ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এমআই/২২৩৯ ঘ.