২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে রোগীর স্বজনকে কোপাল সন্ত্রাসীরা

গাজীপুর সদর হাসপাতালে ঢুকে এক রোগীর আত্মীয়কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গাজীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর হাসপাতালে ঢুকে এক রোগীর আত্মীয়কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার এ হামলা চলাকালে তারা জরুরি বিভাগের আসবাবপত্র ও জানালার কাচ ভাংচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে সোমবার সকালে সদরের নোয়াগাঁও এলাকার বিলকিছ বেগমের পরিবারের লোকজনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলায় বিলকিছ বেগম, তার ছেলে রাসেল, মেয়ে মনি বেগম আহত হন। বিলকিছের ভাই কামরুজ্জামান দুপুর ১টার দিকে আহতদের চিকিৎসা করাতে গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসা চলাকালে একদল সন্ত্রাসী জরুরি বিভাগে ঢুকে আহতদের ওপর হামলা চালায়। এ সময় কামরুজ্জামান বাধা দিলে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে আহত করে। বিলকিছ বলেন, এ সময় হামলাকারীরা হাসাতালের জরুরি বিভাগের জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। ওই সময় হাসপাতালে আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে। জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামরুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৩ ঘ.