২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে শাসন করে বিপাকে শিক্ষক

একাধিক বিষয়ে ফেল করা এক ছাত্রকে মারধরের অভিযোগে চাকরি হারাতে বেেসছেন বাগেরহাটের এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

বাগেরহাট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক বিষয়ে ফেল করা এক ছাত্রকে মারধরের অভিযোগে চাকরি হারাতে বেেসছেন বাগেরহাটের এক শিক্ষক। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে মারধরে আহত এসএসসি পরীক্ষার্থী জুবায়ের ফারাজীকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শিক্ষার্থীকে মারধর করাকে নিষিদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয় একটি আইন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইংরেজির শিক্ষক জিন্নাত আলী মীর সোমবার ক্লাশে না আসায় জুবায়েরকে মারধর করেন। বিষয়টি তার সহপাঠীরা ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানায়। শিক্ষার্থীদের অভিযোগ ওই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার কারণে তিনি জোবায়েরকে মারধর ও জুতাপেটা করেছেন। এ ব্যাপারে জিন্নাত আলী মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ক্লাশের ব্যবস্থা করেছে। “জুবায়ের পাঁচটি বিষয়ে ফেল করায় তাকেও বিশেষ ক্লাশে রাখা হয়। কিন্তু সে ইংরেজি ক্লাশে না এসে বাইরে ঘোরা ফেরা করাছিল। এ কারণ জানতে চাইলে সে আমার সঙ্গে বেয়াদবি করে।” জুতাপেটার কথাটি অতিরঞ্জিত দাবি করে শিক্ষক বলেন, “উত্তেজিত হয়ে আমি তাকে চড় দিয়েছি।” টাকার বিনিময়ে তিনি প্রইভেট পড়ান না বলেও দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা বলেন, পরিচালনা কমিটির বিশেষ অনুরোধে কয়েকটি বিষয়ে অকৃতকার্য সাত শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার অনুমতি দেয়া হয়। তবে তাদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ প্রাইভেটের ব্যবস্থা করা হয়। মারধরের সত্যতা স্বীকার করে তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের গায়ে কিছু আঘাতের চিহ্ন দেখেছি।” তবে জিন্নাত আলী প্রাইভেট পড়ান না বলে প্রধান শিক্ষকও স্বীকার করেন। ইউএনও লুলু বিলকিস বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৫৫ ঘ.