২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উদ্ধার অভিযান আরো ২৪ ঘণ্টা

চট্টগ্রামে ভেঙে পড়া ফ্লাইওভারের গার্ডারের নিচে লাশ থাকার সন্দেহে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। তবে দুপুরের পর থেকে কোনো লাশ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভেঙে পড়া ফ্লাইওভারের গার্ডারের নিচে লাশ থাকার সন্দেহে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। তবে দুপুরের পর থেকে কোনো লাশ পাওয়া যায়নি। উদ্ধারকাজে অংশগ্রহণকারীরা বলছেন, অভিযান আরো ২৪ ঘণ্টা অব্যাহত রাখতে হতে পারে। বহদ্দারহাটের শাহ আমানত সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুবুরের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত ১২ জনের মৃত্যুর কথা পুলিশ জানালেও চট্টগ্রাম জেলা প্রশাসনের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা নয়। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাবির আহমেদ জানান, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, পদাতিক সৈন্য, কারিগরি, এমপি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর, মেডিকেল কোরের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার কাজে রয়েছেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেঙে পড়া গার্ডারগুলোকে খণ্ড করে লাশ খোঁজা হচ্ছে। গার্ডারের নিচে লাশ থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সন্দেহ আছে বলে আমরা কাজ করে যাচ্ছি। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এ কাজ চলতে পারে।“ উদ্ধার তৎপরতার বর্ণনা দিয়ে মেজর ইয়াহিয়া জানান, তিনটি গার্ডারের মধ্যে একটির সরানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। দ্বিতীয়টি শেষের পথে এবং আর একটি গার্ডারের কিছু কিছু অংশ সরানো হয়েছে। মামলা করবে পুলিশ এদিকে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে নির্মাণ প্রতিষ্ঠান ও সুপারভিশন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ। রোববার রাতে তিনি বলেন, উদ্ধার তৎপরতা শেষ হওয়ার পর এ মামলা করা হবে। তাছাড়া তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন। অর্থ সহায়তা প্রশাসনের গার্ডার ভেঙে নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে এই সহায়তা দেন। জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, জেলা প্রশাসনের হিসেবে নয় জন নিহতদের পরিবার ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরকে এই আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বিএনপির ২ দিনের কর্মসূচি এই হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। রোববার নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম জানান, সোমবার ফ্লাইওভার এলাকা বহদ্দারহাটে কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দুপুরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে বগদ্দারহাট মোড়ে হতাহতের প্রতিবাদে নগর বিএনপি’র উদ্যোগে মানববন্ধন করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/টিএইচ/এমসি/এএল/২০৫৬ ঘ.