২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনীর’ বোমার বিস্ফোরণে নিহত ২ কিশোর

চট্টগ্রামের হাটহাজারীতে বোমা বিস্ফোরণে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে, বিস্ফোরিত বোমাটি সেনাবাহিনীর প্রশিক্ষণের পর পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে বোমা বিস্ফোরণে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে, বিস্ফোরিত বোমাটি সেনাবাহিনীর প্রশিক্ষণের পর পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- তৌহিদুর রহমান (১৫) ও মোহাম্মদ এমদাদ (১৬)। তারা হাটহাজারী কওমী মাদ্রাসার (বড় মাদ্রাসা) শিক্ষার্থী। রোববার দুপুরে হাটহাজারীর রঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফায়ারিং ল্যান্ড এলাকায় বিস্ফোরণে তারা নিহত হন। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাবাহিনীর ফায়ারিং ল্যান্ড এলাকায় শনিবার দিনব্যাপী সেনাসদস্যদের প্রশিক্ষণ হয়। “রোববার দুপুরে ওই দুই শিক্ষার্থী খেলার জন্য গুলি ও বোমার খোসা খুঁজতে যায়। একটি অবিস্ফোরিত বোমা পেয়ে হাতে নিলে বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।” দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান শরীফুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/এমআই/১৯৫৪ ঘ.