২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে হতাহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন কমিটির বৈঠকের শুরুতেই তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি।” এই দুটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তা করা হবে বলে প্রধানমন্ত্রী জানান। নিহতদের স্মরণে বৈঠকের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেখ হাসিনা বলেন, “কাল (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠক থেকে শোক প্রস্তাব নেব এবং একদিন শোক দিবস পালনের দিন ঠিক করব।” আশুলিয়ায় ১০৯ জনের লাশ উদ্ধারের পর ৩৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে দেখলাম নয় জন মারা গেছে। পরে সকাল পৌনে ৭টার দিকে আরো লাশ পাওয়া যায়।” “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। একসাথে এতোগুলো মানুষ মৃত্যুবরণ করল”, যোগ করেন তিনি। চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১২ জনের মৃত্যু এবং সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে একজন মারা যাওয়ার বিষয়টিও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “হয়তো একজনের ওপর পুরো পরিবার নির্ভরশীল ছিল। আমরা সব খোঁজ খবর নিচ্ছি।” প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনার পরপরই তিনি সেনাপ্রধান ও পুলিশের মহাপরিদর্শকসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেন। “যাকে পেয়েছি- বলেছি শিগগিরই যাও,” বলেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৯২৫ ঘ.