২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় পুড়ে অঙ্গার ১১০ শ্রমিক

১১০টি লাশের মধ্যে ৫০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল মর্গে রয়েছে ৬০টি লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

কামাল হোসেন তালুকদার ও সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুরে উদ্ধার অভিযানের সমাপ্তি টেনে কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডে ১১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর মধ্যে ১০১ জনই পুড়ে মারা গেছে, যাদের অনেককে চেনার কোনো উপায় নেই। কারো কারো ভাঙাচোরা কঙ্কালও মিলেছে। আগুন থেকে বাঁচতে নয় তলা ওই ভবন থেকে লাফিয়ে মারা গেছেন নয়জন। তবে লাফিয়ে পড়া অনেকে আহত হলেও প্রাণে বেঁচেছেন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে এর আগে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটলেও এতো বেশি প্রাণহানি আর কখনো ঘটেনি। আর এমন এক এলাকায় এই ঘটনা ঘটলো, যেখানে দেশের পোশাক কারখানাগুলোর একটি বড় অংশ অবস্থিত। বেঁচে যাওয়া শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার পর সতর্ক সঙ্কেত বাজলেও কর্মকর্তারা তাদের বের হতে না দিয়ে উল্টো কলাপসিবল গেইটে তালা লাগিয়ে দেন। ফলে হতাহতের সংখ্যা এত বেশি। কারখানার মালিকরা কেউ ঘটনাস্থলে না থাকায় এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই কারখানার পরিবেশ নিয়ে তাদের পোশাকের আমদানিকারক ওয়াল-মার্টের অসন্তোষের প্রমাণ মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ড এবং ব্যাপক হতাহতের কারণ খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশের পক্ষ থেকে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও। অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হয়। এভাবে শ্রমিকের প্রাণহানি ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ অ্যাখ্যায়িত করে সোমবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি বামপন্থী দল ও শ্রমিক সংগঠন। আগুন লাগার পর শনিবার রাতেই উদ্ধারকর্মীরা সাত নারীসহ নয় শ্রমিকের লাশ পাওয়ার খবর দেন। এরা সবাই আগুন থেকে বাঁচতে নয় তলা ওই কারখানা ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। তখনো ভেতরে ছিলেন শতাধিক কর্মী। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিনির্বাপক কর্মীরা সকালে কারখানা ভবনে ঢুকে উদ্ধার অভিযান শুরু করেন। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরাও অংশ নেন উদ্ধার অভিযানে। পুলিশ ও অগ্নি নির্বাপককর্মীরা প্রাথমিকভাবে ১১২ জনের মৃত্যুর খবর দিলেও ঘটনাস্থল ঘুরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ১০৯ জন নিহত হওয়ার কথা জানান। রোববার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মতিন সাংবাদিকদের জানান, কারখানার ভেতরে বিভিন্ন তলায় তারা ১০১টি লাশ পেয়েছেন। তবে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোশিউদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪৩ জনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো দাবিদার না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়েছে ৫৮টি লাশের দায়িত্ব। আর লাফিয়ে পড়ে নিহত ৯ জনের লাশ রাতেই হাসপাতালে পাঠানো হয়। সব মিলিয়ে এই ১১০ জনের মৃত্যুর হিসাব দেন এই পুলিশ কর্মকর্তা। তবে রাতে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি, সেগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত এসব লাশ সনাক্তের জন্য তাদের আত্মীয়-স্বজনের অপেক্ষা করা হবে। এরপরও যাদের পরিচয় পাওয়া যাবে না, তাদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এরপর সেগুলো দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হবে। ১১০টি লাশের মধ্যে ৬০ জনের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানান তিনি। এদিকে আগুন লাগার পর ভেতরে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা সারা রাত কারখানার বাইরে অপেক্ষায় থাকেন উৎকণ্ঠা নিয়ে। সকালে উদ্ধারকর্মীরা ভবনের ভেতর থেকে অগ্নিদগ্ধ লাশ বের করে জড়ো করতে থাকেন নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। স্বজনদের আহাজারিতে এ সময় ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের পরিবেশ। নিশ্চিন্তপুর স্কুলের মাঠ থেকে নিলুফা নামের এক পোশাক শ্রমিকের দগ্ধ লাশ নিয়ে ফিরছিলেন তার স্বামী ভ্যানচালক আব্দুল হালিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে ‘ডিউটিতে’ গিয়ে আর ফেরেননি নিলুফা। আগুনের খবর পেয়ে দীর্ঘসময় কারখানার বাইরে অপেক্ষার পর শেষ পর্যন্ত তাকে বাড়ি ফিরতে হচ্ছে স্ত্রীর মৃতদেহ নিয়ে। শাহিদা নামের এক নারীকে দেখা গেল বোন সালমা আক্তারের লাশ না পেয়ে ছুটোছুটি করছেন এবং একের পর এক উদ্ধারকর্মীদের ধরে বোনের খোঁজ করছেন। এদিকে কারখানার ভেতরে আটকা পড়া শ্রমিকদের খোঁজে দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া স্বজনরা উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে সকালে পুলিশের উপর ঢিল ছুড়তে শুরু করলে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক অভিযোগ করেছেন, আগুন লাগার সময় কারখানার কলাপসিবল গেইটে তালা থাকায় হতাহতের সংখ্যা এত বেড়েছে। শ্রমিক মোহাম্মদ রিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় ফায়ার এলার্ম বেজে উঠে। তখন আমরা আগুন লেগেছে ভেবে নামতে গেলে কর্তৃপক্ষ বলে কিছু হয়নি। এলার্ম নষ্ট হয়ে গেছে।” “ঠিক করে দিচ্ছি বলেই কলাপসিবল গেইটে তালা এঁটে দিয়ে কাজ করতে বলে শ্রমিকদের।” ওই কারখানার পিওন কামরুল এ তালা লাগিয়ে দেয় বলে জানান আরেক শ্রমিক মো. স্বপন। নয় তলা ওই ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা বা এই ধরনের কোনো সিঁড়ি ছিল না। আস্তর লাগানোর জন্য ভবনের দক্ষিণ দেয়ালে বাঁশের মাচা ঝোলানো ছিল, ওই মাচা দিয়ে অনেকে নেমে আসেন বলে স্থানীয়রা জানায়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সকালে অগ্নিকাণ্ডস্থলে যান। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “এটা খুবই মর্মান্তিক। সারি সারি লাশ পড়ে আছে। এটা ভাষায় প্রকাশ করা যায় না। এ মৃত্যু পাহাড়ের মতো ভারী।” পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও ঘটনাস্থল পরিদর্শন করেন। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমাদের দুর্ভাগ্য যে, অধিকাংশ কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। ফলে নিরীহ শ্রমিক ভাইদের প্রাণ দিচ্ছে হচ্ছে।” “যারা হতাহত হয়েছেন, তাদের যেন যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়- সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি,” বলেন তিনি। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে আমরা ধারণা করছি। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।” আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, আশপাশে যথেষ্ট পরিমাণ পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। পাঁচটি তদন্ত কমিটি আশুলিয়ায় অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ড তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা উত্তরা শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (অগ্নি) সাঈদ মাহমুদ বেলাল হায়দার। এ ঘটনা তদন্ত ও দায়ীদের চিহ্নিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দীন আল আজাদ। তিনি জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে পুলিশ, ফায়ার ব্রিগেড, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী কী করণীয়- সে বিষয়েও সুপারিশ করবে তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। এছাড়া প্রশাসন ও অর্থ বিষয়ক পরিচালক আব্দুস সালামকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। বাহিনীর উপ পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস এই কমিটির সদস্য সচিব এবং মিরপুরের প্রশিক্ষণ কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল বদিউজ্জামান, উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান ও জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা (ইপিজেড) আনোয়ার হোসেন সদস্য হিসাবে রয়েছেন। ব্যবহার হয়নি ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র তুবা গ্রুপর ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, ‘তাজরিন ফ্যাশন’ নামের কারখানাটি ছাড়াও মোট ১৩টি পোশাক কারখানা রয়েছে তাদের। এর মধ্যে ‘তাজরিন ফ্যাশন’ এ শ্রমিক-কর্মচারী মিলিয়ে দেড় হাজারের বেশি লোক কাজ করতেন। এছাড়া নয় তলা এই ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফায়ার ফাইটার, উদ্ধারকর্মী ও প্রাথমিক চিকিৎসা কর্মী মিলিয়ে মোট ৩০০ কর্মী থাকার কথা বলা হলেও অগ্নি নির্বাপণে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। রোববার দুপুর ১টার দিকে কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা যায়, দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত প্রত্যেক তলায় খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে আটটি করে অগ্নি নির্বাপক যন্ত্র। সর্বশেষ চলতি মাসের ৫ তারিখে এগুলো পরীক্ষা করা হয়েছে। আর কর্তৃপক্ষের স্বাক্ষরও রয়েছে তাতে। তৃতীয় ও চতুর্থ তলায় মেঝেতে দুটি যন্ত্র পড়ে থাকতে দেখা গেলেও সেগুলোর ওপেন রিঙ অক্ষতই ছিল। শুধু অষ্টম তলায় পড়ে থাকা একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তুবা গ্রুপের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা। আর ব্যবস্থাপনা পরিচালকের নাম দেলোয়ার হোসেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, নয় তলা ভবনের নিচতলায় সুতার গুদাম পুরোপুরি ভষ্মিভূত। এই গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার ব্রিগেড কর্মীদের ধারণা। কারখানার দ্বিতীয় তলার সব সেলাই মেশিনও পুড়ে গেছে। তৃতীয় ও চতুর্থ তলায় ক্ষয়ক্ষতি হলেও ষষ্ঠ তলার ওপরের অংশ রয়েছে অক্ষত। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, ভবনের তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন এবং পঞ্চম তলা থেকে ১০ জনের লাশ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এলএইচ/এমএমআর/এফএফএস/জেকে/এএইচ/এমআই/০১০৫ ঘ.