চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে ভেঙে পড়া ফ্লাইওভার পরিদর্শন করতে গিয়ে বিক্ষুব্ধ জনগণের তোপের মুখে পড়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ।
রোববার সকাল পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা মন্ত্রীর সামনে বিক্ষোভ করে। তারা মন্ত্রীকে উদ্দেশ্য করে সমস্বরে ‘ভূয়া’ বলে চেচিয়ে উঠে।
শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন ওই ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে নিচে চাপা পড়ে অনেক মানুষ। রোববার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এতে আহত হয়েছে আরো অর্ধশতাধিক, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সেনা সদস্য, পুলিশ ও র্যাব ও বিজিবি দুর্ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
ঘটনার পর উত্তেজিত জনতা ফ্লাইওভারের নির্মাণসামগ্রী ও সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে চট্টগ্রাম জেলা প্রশাসকের গাড়িসহ বেশকিছু যানবাহন। এ ছাড়া বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল ফুডের প্রদর্শনকেন্দ্রও ভাঙচুর করা হয়।
হাসান মাহমুদ উপস্থিত সাংবাদিকদের বলে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই শোকাহত। এই ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে আগের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসরণ না করা হয়ে থাকলে তার জন্য দায়ীদের শাস্তি দেয়া হবে।”
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে।
মন্ত্রী বলেন, “এ দুর্ঘটনার ক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্বলতা স্পষ্ট।”
সিডিএ চেয়ারম্যানের ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
এর আগে শনিবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান ঘটনাস্থলে এসে বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়িসহ জেলা প্রসাশনের কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
রাত পৌনে ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, সিটি মেয়র মনজুর আলম ও পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লাইওভার নির্মাণের সঙ্গে যুক্ত সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এসইউ/১২১৩ ঘ.
bdnews24