২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুকের দুধ কমাবে শিশুমৃত্যু’

ছয় মাস বয়স পর্যন্ত শিশুদেরকে মায়ের দুধ খাওয়ালে দেশে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাস বয়স পর্যন্ত শিশুদেরকে মায়ের দুধ খাওয়ালে দেশে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ‘শিশুর পুষ্টি ও বিকাশে মায়ের দুধ এবং পারিবারিক খাবারের গুরুত্ব’ বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ অভিমত জানান। তাদের মতে, শিশুর বয়স ছয় মাস পার হলে মায়ের দুধের সঙ্গে তাকে অন্যান্য খাবারে অভ্যাস করাতে হবে। তবে এ ক্ষেত্রে একটি পরিবারের নিয়মিত খাবার ভাত, ডাল, মাছ, মাংস একটির পর একটি খাবারে শিশুকে অভ্যস্ত করানো উচিত। এর ফলেই দেশে শিশুমৃত্যুর হার কমে যাবে এবং তা শিশুর সুস্থ ও সবল দেহ গঠনে ভূমিকা রাখবে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আবু তৈয়বের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাকের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, সহ¯্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা ও ভিশন ২০২১ বাস্তবায়নে সরকার স্বাস্থ্য ও জনসংখ্যার সঙ্গে পুষ্টিকে প্রথমবারের মতো সমান গুরুত্ব দিয়েছে। দেশে শিশু মৃত্যুহার ৪০ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৩ সালের মধ্যে শিশু মৃত্যুহার ৩০ শতাংশে নামিয়ে আনতে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে যাচ্ছে। শিশু মৃত্যুহার কমাতে সরকার ও গণ্যমাধ্যমের পাশাপাশি সব পেশা ও শ্রেণির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কর্মশালায় ব্র্যাকের কর্মকর্তা জহিরুল হক সিদ্দিকী শিশুর পুষ্টি ও বিকাশে মায়ের দুধ ও পারিবারিক খাবারের ওপর প্রজেক্টরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তাদের কাজের সফলতার একটি চিত্র তুলে ধরেন। তিনি জানান, চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ৪৬ টি ইউনিয়নে ব্র্যাকের মাঠকর্মীরা কাজ করছেন। এতে দেখা যায়, ওই সব এলাকায় গড়ে ৮০ শতাংশ মায়েরা শিশু জন্মের পর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ার অভ্যাস করেছেন। জেলা সিভিল সার্জন ডা. আবু তৈয়ব বলেন, প্রতি বছর দেশে ভেজাল ও অনিরাপদ গুড়োঁদুধ আমদানি করে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়। ওই সকল গুড়োঁ দুধ শিশুদের না খাওয়ানো ও নির্দিষ্ট নিয়মে শিশুকে মায়ের দুধ খাওয়াতে সবাই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মো. সালাহ উদ্দিন মাহমুদ ও ডা. আসমা ফেরদৌসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২৩১৪ ঘ.