২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি জাতীয়করণে শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটাম

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ না হলে কর্মবিরতিতে যাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ না হলে কর্মবিরতিতে যাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সমাবেশে ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি পূরণ না হলে তাদের সামনে বিকল্প কোনো পথ নেই। এমপিও ভুক্ত হতে না পেরে ত্রিশ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে বলেও জানান সেলিম। তিনি বলেন, “প্রতিষ্ঠান পরিবর্তন করার কারণে এমপিও ভুক্ত শিক্ষকগণ চাকরি করেও বেতন পাচ্ছেন না। টাইমস্কেল প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন কয়েক হাজার শিক্ষক।” ঐক্যজোটের বাকি তিনটি দাবি হলো- নন এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্ত করা, চাকরির বয়স সীমা ৬৫ বছর করা ও চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের প্রাইভেট ও টিউশিনি পড়ানো বন্ধ না করা। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক নাজেমুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৪৪ ঘ.