মাদারীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার জেরে শনিবার মাদারীপুর-শরীয়তপুর সড়কে ছয়ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।
সকাল ১০টার দিকে সড়কের মাদারীপুর টেকনিক্যাল কলেজের সামনে এলাকাবাসী অবরোধ দেয়।
পরে পুলিশ ও প্রশাসনের সঙ্গে এলাকাবাসীর সমঝোতার পর বিকাল ৪টায় অবরোধ প্রত্যাহার করে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাদারীপুর থানার ওসি মনিরুজজামান সাংবাদিকদের বলেন, একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইক ও বাইসাইকেলকে ধাক্কা দিলে এর আরোহী ফারুক হোসেন (৩০) গুরুতর আহত হন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ দেয়।
তবে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।
আহত ফারুককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24