চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড় কাটার সময় শুক্রবার দুই শ্রমিককে আটক করেছে পরিবেশ অধিদপ্তর।
তারা হলেন- নূর মোহাম্মদ (২৬) ও বাবুল ভূঁইয়া (২২)।
রাতে নগরীর বাঘঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে পাহাড় কাটার সময় তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, নজরুল ইসলাম ও মাসুম নামে দুই ব্যক্তি পাহাড় কাটার জন্য তাদের নিযুক্ত করে। অভিযানের সময় ১২ শ্রমিকরে মধ্যে ১০ জনই পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আটক দুই শ্রমিককে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২৩৩৪ ঘ.
bdnews24