ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে।
শুক্রবার ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ঘোষণা করা হয়।
সময়সূচি অনুযায়ী, সাত দিনে ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর।
ইসির জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান জানান, সংলাপের প্রথম দিন আমন্ত্রণ জানানো হয়েছে ৬টি দলকে। সংলাপের চতুর্থ দিন (২৯ নভেম্বর) আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগকে। আর বিএনপির সঙ্গে সংলাপ হবে পঞ্চম দিন (২ ডিসেম্বর)।
ইসি সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল ১০ টায় এ সংলাপ শুরু হবে।
সংলাপের প্রথম দিন (২৬ নভেম্বর) আমন্ত্রণ পেয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
দ্বিতীয় দিন (২৭ নভেম্বর) গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, গণফোরাম, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি।
২৮ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও সঙ্গে সংলাপ হবে।
২৯ নভেম্বর আমন্ত্রণ জানানো হয়েছে ন্যাশনাল পিপলস্ পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগকে।
২ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের সঙ্গে সংলাপ হবে।
৪ ডিসেম্বর আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি-কে।
এর আগে একদিনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করেছিল ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২২১ ঘ.
bdnews24